ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরভেলামারি গ্রামে বলাৎকারের চেষ্টায় বাধা দেওয়ায় সাত বছর বয়সী এক শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ও অভিযুক্ত কিশোর উভয়েই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কিশোরটি শিশুটিকে জলপাই কুড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি ঘরে নিয়ে তাকে বলাৎকারের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত কিশোর তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরবর্তীতে শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি ঝোপে ফেলে রাখা হয়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কিশোরটির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে ঘটনার কথা স্বীকার করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।"