চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই যৌথ তল্লাশি চালানো হচ্ছে। "অপরাধ দমনে অভিযান চলমান থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত আলামত বা আটকের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।"
এই অভিযানে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নিয়েছেন। বিকেল থেকেই বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ভেতরে প্রবেশ শুরু করেছেন।