পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও পাঁচ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. কামরুল আহসানকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। এর ফলে তিনি এসবি প্রধানের দায়িত্বও পালন করবেন। এত দিন এসবি প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. সায়েদুর রহমানকেও পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), রাজশাহীর সারদার অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। এত দিন বিপিএর অধ্যক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।