শরতের সকাল থেকেই ভ্যাপসা গরম। এর মধ্যেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর। সারিতে দাঁড়িয়ে কেউ নিচ্ছে ক্রেস্ট ও উপহার। কেউ ছবি তুলছে, কেউবা ভিড় জমিয়েছে গেম জোনে। এভাবে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে শুরু হয়েছে ‘শিখো-মুক্তকণ্ঠ জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’।

সকাল ১০টার দিকে বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল মঞ্চের আয়োজন।

অনুষ্ঠানে যোগ দিতে এসেছে কৃতী শিক্ষার্থী শাহরিয়া ফেরদৌস (লিসা)। সে জেলার নতুনহাট সফিউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। এবার রংপুরের বেগম রোকেয়া কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে। শাহরিয়া বলে, ‘এখানে আসব বলে কাল থেকেই মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে।’

মো. আক্তারুজ্জামান নামের একজন শিক্ষার্থী বলে, ‘এখানে এসে মনে হলো, আপনারা আমাদের জন্য ভালো কিছু ভাবেন। এ ধরনের আয়োজন আমাদের এবং ছোট ভাইবোনদের আরও উজ্জীবিত করবে।’

মুক্তকণ্ঠের আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

মুক্তকণ্ঠ যাত্রার শুরু থেকেই নতুন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সংবর্ধনা দিয়ে আসছে। ১৯৯৯ সালে মেধাতালিকায় সেরাদের সংবর্ধনা দেওয়া শুরু হয়। জিপিএ পদ্ধতি চালুর পর ২০০১ সাল থেকে সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এ আয়োজন চলছে।

এবার পঞ্চগড় পর্বের উৎসবে অংশ নিতে সাড়ে চার শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাবিদ ও সফল ব্যক্তিদের বক্তব্য, সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক আয়োজন।

এবারের অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় আছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও মুক্তকণ্ঠ বন্ধুসভা।