অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আগত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসার সুযোগ সম্পূর্ণ বন্ধ করার প্রস্তাব করেছে দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির নতুন অভিবাসন পরিকল্পনায় এই বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরা হয়েছে।

দলটির প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণ নিয়মে আর তাদের স্বামী, স্ত্রী বা সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারবেন না। তবে এই প্রস্তাবে একটি ব্যতিক্রমও রাখা হয়েছে। দলটি ‘হাই ভ্যালু স্টাডি ভিসা’ নামে একটি নতুন ভিসা ক্যাটাগরি চালুর কথা ঘোষণা করেছে। প্রস্তাবিত এই বিশেষ ভিসার আওতায় কেবল নির্দিষ্ট কিছু স্নাতকোত্তর এবং উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীরাই পরিবার আনার সুবিধা পাবেন।

ওয়ান নেশনের দাবি, এই বিশেষ ভিসা কেবল এমন কিছু নির্ধারিত পাঠ্যক্রমের জন্য প্রযোজ্য হবে, যেগুলো অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে সরাসরি গুরুত্বপূর্ণ এবং যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষ জ্ঞান ও দক্ষতা দেশটির প্রয়োজনে আসবে।

দলটির ভাষ্য, যারা প্রকৃত শিক্ষার্থী এবং একা অস্ট্রেলিয়ায় এসে গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বসহকারে পড়াশোনা করতে চান, তাদের সুযোগ থাকা উচিত। তবে তাদের দাবি, বর্তমানে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা ও অভিবাসন ব্যবস্থার বাস্তব চিত্র ভিন্ন রূপ নিয়েছে এবং এর অপব্যবহার হচ্ছে।