যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে বসবাসকারী জন হ্যানসনের বাড়িতে দীর্ঘদিন ধরে একটি পুরোনো সাময়িকী জমা ছিল। কীভাবে সেটি তার কাছে এল, তা তিনি জানতেন না। তবে পরবর্তীতে দেখা যায়, সাময়িকীটি মূলত নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া হয়েছিল। বিস্ময়কর বিষয় হলো, সাময়িকীটি ধার দেওয়া হয়েছিল ১৮৯৪ সালে, অর্থাৎ প্রায় ১৩২ বছর আগে।
গত সপ্তাহে অবশেষে সাময়িকীটি গ্রন্থাগারে ফিরে আসে। হিসাব কষে দেখা গিয়েছে, নির্ধারিত সময়ের ৪৮ হাজার ২২০ দিন পর গ্রন্থাগার কর্তৃপক্ষ সাময়িকীটি ফেরত পেয়েছে। সাময়িকীটির নাম 'দ্য সেঞ্চুরি ইলাস্ট্রেটেড মান্থলি ম্যাগাজিন' এবং এটি ১৮৯৪ সালের সেপ্টেম্বর সংখ্যা।
নিয়ম অনুযায়ী জরিমানার অঙ্ক হিসাব করলে তা দাঁড়াত ১২ হাজার ৫৫ ডলারে। তবে হ্যানসনকে জরিমানার অর্থ দিতে হচ্ছে না। কনকর্ড পাবলিক লাইব্রেরি ১ সেপ্টেম্বর থেকে বছরব্যাপী জরিমানা মওকুফের (ফাইন ফ্রি লাইব্রেরি) একটি বিশেষ সুযোগ ঘোষণা করেছে। স্থানীয় সংবাদপত্রে গ্রন্থাগারটির এ জরিমানা বাতিল করার খবর পড়েই সাময়িকীটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান হ্যানসন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রন্থাগার কর্তৃপক্ষ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছে, দীর্ঘদিনের বকেয়া বই ফেরত আসবে এমন আশা থাকলেও, শেষ পর্যন্ত যে উনবিংশ শতাব্দীর শেষ ভাগের কোনো সাময়িকী ফেরত আসবে, তা তাদের কল্পনায়ও ছিল না।
১৩২ বছর পর সাময়িকীটি গ্রন্থাগারে ফেরত এলেও সেটি আর সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হবে না বলে জানিয়েছে গ্রন্থাগার কর্তৃপক্ষ। সেটিকে গ্রন্থাগারের ‘কনকর্ড রুম’-এ রাখার পরিকল্পনা চলছে। বিশেষ ওই কক্ষে স্থানীয় ইতিহাস সংরক্ষণ করা হয়।