আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে দেশীয় স্বর্ণবাজারে দামের ওঠানামা চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (১২ সেপ্টেম্বর) স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। সেই দিন থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে যায়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে গত শুক্রবার এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সাথে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
অন্যদিকে, রুপার দামও আপডেট করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।