বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক মৃত্যুঝুরি রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। এতে রোগীর সাথে আসা চার বন্ধুকে আটক করেছে পুলিশ।

আহত আনসার সদস্যরা হলেন মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে। চারজনকেই হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে নিয়ে হাসপাতালে আসেন। রোগীকে ট্রলিতে নেওয়ার সময় ট্রলিম্যানদের সাথে ওই যুবকদের কথা-কাটাকাটি হয়। পরে তারা একজন ট্রলিম্যানকে মারধর করেন।

এ সময় টহলরত আনসার সদস্যরা সেখানে গিয়ে ট্রলিম্যানকে উদ্ধার করেন এবং রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ওই যুবকেরা আবার ট্রলিম্যানকে খুঁজতে থাকেন এবং মারধর শুরু করেন। ট্রলিম্যানকে বাঁচাতে গেলে আনসার সদস্যদের ওপরও হামলা চালানো হয়।

আনসার কমান্ড্যান্ট বলেন, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল। হামলায় চার আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তার সাথে কয়েকজন বন্ধু ছিলেন। জরুরি বিভাগের সামনে রোগীর জন্য ট্রলি আনতে গেলে আনসার সদস্যদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণেরা আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।

ইকবাল বাহার আরও জানান, হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় রোগীর সাথে আসা চার বন্ধুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।