নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংশোধনের ফলে স্বতন্ত্র ও বরাদ্দযোগ্য প্রার্থীদের জন্য ১২০টি প্রতীকের একটি চূড়ান্ত তালিকা করা হয়েছে। তবে এই তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করা হলেও ‘নৌকা’ প্রতীকটি স্থগিত রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি অতিরিক্ত গেজেটে এই সংশোধনীর কথা জানানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বিধিমালায় এই পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালার ৯ বিধির উপবিধি (১) প্রতিস্থাপন করে নির্বাচনে ব্যবহারযোগ্য প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনে প্রার্থীর নির্বাচনী ব্যয় এবং হলফনামা সংক্রান্ত বেশ কিছু শর্তেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য প্রার্থীর নিজস্ব ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর দেওয়ার সুযোগ রাখা হয়েছে। হলফনামার ক্ষেত্রে ‘অভিযুক্ত’ শব্দের সংজ্ঞা স্পষ্ট করে বলা হয়েছে যে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে, তাকেই অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে।
পাশাপাশি, প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত করার লক্ষ্যেই এই সংশোধনগুলো আনা হয়েছে।