বরগুনার আদালতের এজলাস কক্ষে জামিন না পাওয়ায় উত্তেজিত হয়ে এক আসামি পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। এতে তিন পুলিশকর্মী আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বরগুনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বিচারক তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে ওই আসামিকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী নাদিরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, একটি মামলায় অস্থায়ী জামিনে থাকা আসামি মো. বশির (৪৫) এর জামিন আবেদন শুনানির সময় বিচারক নামঞ্জুর করেন। জামিন বাতিলের খবরে ক্ষিপ্ত হয়ে তিনি এজলাসেই বিচারকের উদ্দেশে কটু ও অশ্লীল মন্তব্য শুরু করেন। আইনজীবীদের থামানোর চেষ্টা ব্যর্থ হলে পুলিশ তাঁকে হাতকড়া পরাতে যায়। বিচারকের উপস্থিতিতেই তিনি পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এতে পুলিশ সদস্য মো. সিদ্দিক, মো. শাহজাহান ও হনুফা বেগম আহত হন।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি কামরুল ইসলাম ফরাজি জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম একটি সিআর মামলা আমলে নেন। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে তিনি বশিরকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশনা দেওয়া হয়। সরকারি কাজে বাধা ও স্বেচ্ছায় আঘাত করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত স্পষ্ট করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. বশির বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার বাসিন্দা।