গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের অবহেলা ও দুর্নীতির খবর উঠে এসেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ পরিদর্শনে গিয়ে দেখেন, কেন্দ্রটির প্রধান ফটক তালাবদ্ধ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান ফটক তালাবদ্ধ থাকায় ভেতরে ঢোকার কোনো পথ না পেয়ে এমপি রফিকুল ইসলাম বাচ্চু ফটকের পাশে থাকা কাঁটাতার সরিয়ে টপকে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর অনুপস্থিত লক্ষ্য করেন। বরং চারজন স্বাস্থ্য সহকারী চিকিৎসা সেবা না দিয়ে গল্প আড্ডায় সময় পার করছিলেন।
পরিদর্শন শেষে এমপি বলেন, "হাসপাতালের গেট দেখে মনে হয়েছে এই তালা যে কতবছর আগে লাগিয়েছে…। একেবারে মরিচা ধরে গেছে। এটা বহুদিন আগে লাগানো তালা। আমি অনেক সময় অপেক্ষা করে একপাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি।"
তিনি আরও বলেন, "এখানে কোনো স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই। মেডিকেল অফিসার নেই। কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতে ছিলেন। গাজীপুর ইউনিয়ন একটা প্রত্তন্ত অঞ্চল এখনকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জরুরি। এখান থেকে উপজেলা শহর জেলা শহরে যাওয়া খুবই কষ্টসাধ্য। মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
স্বাস্থ্য কেন্দ্রের ফটক তালাবদ্ধ থাকার বিষয়ে গাজীপুর ইউনিয়ন ইউনিয়ন ফ্যামেলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন ব্যাখ্যা দেন, "স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে রেখে এসেছি।"
অপরদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ জানান, স্বাস্থ্য কেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে একজনও নেই। কয়েকজন মাঠকর্মী কাজে যাওয়ার আগে সেখানে মিটিং করেন।