প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান বলেছেন, দিল্লির কোনো চাপের কাছে নতি স্বীকার করে সরকার পরিচালনার কোনো সুযোগ নেই। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকার কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না উল্লেখ করে তিনি ভারতের প্রতি দুই দেশের জনগণের স্তরে সম্পর্ক (পিপল-টু-পিপল) জোরদার করার আহ্বান জানান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খাঁন। দিল্লির কোনো চাপের কাছে বিএনপি সরকার মাথা নত করবে না জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, "বিএনপি হচ্ছে জনগণের সরকার এবং জনগণের প্রদত্ত ম্যান্ডেট নিয়েই দায়িত্ব গ্রহণ করেছে। দেশের মানুষ জুলাই গণহত্যার সুষ্ঠু ও ন্যায়বিচার চায় এবং সরকার সেই বিচার নিশ্চিত করছে। যারা অন্যায় ও অপরাধ করেছে, তাদের সাথে কোনো ধরনের আপস করার সুযোগ নেই।"

আওয়ামী লীগ সরকারের বিগত কূটনৈতিক নীতির সমালোচনা করে রাশেদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সাথে স্বামী-স্ত্রী কিংবা রাখীবন্ধনের মতো সম্পর্ক তৈরির কথা বলতো। কিন্তু বাংলাদেশ ও ভারত দুটিই পৃথক ও স্বাধীন রাষ্ট্র। দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক মূল্যবোধ, সম্মান ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে।

ভারতের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, কোনো বিশেষ সরকার বা রাজনৈতিক দলের সাথে নয়, বরং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। দুই দেশের মধ্যে প্রকৃত পিপল-টু-পিপল (P2P) বা জনগণ পর্যায়ে সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন তিনি।