‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগানে সিটিজেনস ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এই নতুন শাখার নাম রাখা হয়েছে ‘সিটিজেনস ইসলামিক’। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান; পরিচালক মোখলেসুর রহমান, এস এম শফিকুল হক ও মো. রফিকুল আলম; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল হক; ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন; শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ; সদস্য মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান ও মুফতি মঈনুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ।

ইসলামিক ব্যাংকিং সেবা চালুর ফলে ধর্মীয় বিশ্বাস ও আর্থিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে গ্রাহকরা শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প খাত এবং বিভিন্ন উৎপাদনশীল খাতে নতুন ও সম্প্রসারিত অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে।