ভোলার দ্বীপ উপজেলার মনপুরায় মেঘনা নদীতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। পরবর্তীতে উন্মুক্ত নিলামে এটি বিক্রি হয় ২০ হাজার টাকায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলে আরিফ মাঝি মেঘনা নদীতে জাল ফেলেন। জাল গুটিয়ে তোলার সময় এই বিশালাকৃতির পাঙাশটি তার জালে আটকে যায়। দুপুরে মাছটি মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাটে মমিন তালুকদারের আড়তে নিয়ে আসলে স্থানীয় জনতা একে দেখতে ভিড় জমান। শেষ পর্যন্ত প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা হারে মোট ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার।

জেলে আরিফ মাঝি বলেন, "চলতি মৌসুমে নদীতে মাছের দেখা কম মিলছিল। সকালে জাল গুটিয়ে তোলার সময় বিশাল এই পাঙাশটি দেখতে পাই। ঘাটে আনার পর বেশ ভালো দামেই মাছটি বিক্রি করতে পেরেছি।"

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার জানান, নদীর বড় সাইজের পাঙাশের প্রচুর চাহিদা রয়েছে। বেশি লাভে বিক্রির উদ্দেশ্যে মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হচ্ছে।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বিষয়টি নিশ্চিত করে বলেন, "বর্তমানে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের সংকট থাকলেও মাঝে মাঝেই জেলেদের জালে এমন বড় আকারের পাঙাশ ও কোরাল ধরা পড়ছে, যা জেলেদের জন্য স্বস্তিদায়ক। নদী রক্ষা ও অভয়াশ্রম সঠিকভাবে বজায় রাখা গেলে ভবিষ্যতে ইলিশসহ অন্যান্য প্রজাতির বড় মাছ আরও বেশি ধরা পড়বে।"