লিগ ফুটবলে ড্র মানেই দুই দলের এক পয়েন্ট করে ভাগাভাগি। কিন্তু এবার ড্র হলেও শেষ হবে না লড়াই। ফুটবলে ড্রয়ের সমাধানে নতুন নিয়ম প্রয়োগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ। ৯০ মিনিটে সমতা থাকলে সরাসরি পেনাল্টি টাইব্রেকারে গড়াবে ম্যাচ। সেখানে জয়ী দল পাবে অতিরিক্ত এক পয়েন্ট।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতায় ২০২৬ মৌসুম থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। নির্ধারিত সময়ে ড্র হলে দুই দল একটি করে পয়েন্ট পাবে। এরপর টাইব্রেকারে জয়ী দল পাবে আরও একটি বোনাস পয়েন্ট। অর্থাৎ ড্র হওয়া ম্যাচ থেকে জয়ী দল নেবে ২ পয়েন্ট, পরাজিত দল পাবে ১ পয়েন্ট।
তবে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ফল ড্র হিসেবেই নথিভুক্ত হবে। ৯০ মিনিটের পর কোনো অতিরিক্ত সময় থাকবে না; সরাসরি পেনাল্টিতে নির্ধারিত হবে বাড়তি পয়েন্টটি কোন দলের ভাগ্যে যাচ্ছে। স্বাভাবিক সময়ে জিতলে আগের মতো ৩ পয়েন্ট, হারলে শূন্য পয়েন্ট।
আয়োজকদের মতে, এই নিয়মের উদ্দেশ্য শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে উত্তেজনা ধরে রাখা এবং ফুটবলারদের চাপের মধ্যে পেনাল্টি নেওয়ার বাস্তব অভিজ্ঞতা দেওয়া। ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পরই নিয়মটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নিয়মটি শুধু প্রতিযোগিতার প্রথম পর্বে কার্যকর থাকবে। কোয়ার্টার ফাইনাল থেকে আবার প্রচলিত নকআউট নিয়মে ফিরবে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ। তখন ৯০ মিনিটে সমতা থাকলে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে পেনাল্টি টাইব্রেকার হবে।
১৬ দলের এই প্রতিযোগিতায় চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
পেনাল্টিতে বাড়তি পয়েন্ট দেওয়ার ধারণা অস্ট্রেলিয়ান ফুটবলে নতুন নয়। দেশটির সাবেক শীর্ষ লিগ ন্যাশনাল সকার লিগের ১৯৯৪-৯৫ মৌসুমেও একই ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়েছিল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত লিগস কাপেও দেখা গেছে এই নিয়ম।