পটুয়াখালীর রুপালি ফিলিং স্টেশনের ম্যানেজার জাকির হোসেনের বিরুদ্ধে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মুবদী সরোয়ার সওম পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

মামলার বিবরণ অনুযায়ী, জাকির হোসেন গত প্রায় ১০ বছর ধরে রুপালি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও দৈনন্দিন কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত ছিল। গত তিন থেকে চার মাসের হিসাব পর্যালোচনা করার সময় অর্থের বড় ধরনের গরমিল ধরা পড়ে। হিসাব-নিকাশের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ৪৮ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

অভিযোগ পাওয়ার পর থেকেই জাকির হোসেন আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। মালিক মুবদী সরোয়ার সওম জানান, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী হিসেবে জাকির হোসেনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছেন।

সরোয়ার সওম আরও জানান, বিষয়টি সমাধানের জন্য জাকির হোসেনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সালিশের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন জাকির। তবে পরবর্তীতে সেই প্রতিশ্রুতি পালন না করে তিনি আত্মগোপনে চলে যান।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি রয়েছে। পুলিশ তাকে খুঁজছে।