লালমনিরহাটসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে একটি বিরল ও নান্দনিক মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। পরিষ্কার আকাশে চাঁদের অত্যন্ত কাছাকাছি উজ্জ্বল একটি তারা অবস্থান করায় এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও মুগ্ধতা সৃষ্টি করেছে।
সন্ধ্যার পর আকাশ আরও স্পষ্ট হওয়ার সাথে সাথে এই দৃশ্যটি চোখে পড়ে। সাধারণত রাতের আকাশে চাঁদ ও তারা দেখা গেলেও আজকের এই বিশেষ বিন্যাসটি ছিল একদমই ব্যতিক্রমী। চাঁদের পাশে তারার এই ঘনিষ্ঠ অবস্থান পুরো দৃশ্যটিকে মনোরম করে তোলে, যা পথচলতি মানুষ থেকে শুরু করে সব বয়সের দর্শককে মুগ্ধ করে। অনেকে এই অপূর্ব মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরসহ আশপাশের বিভিন্ন সীমান্ত এলাকায় রাত বাড়ার সাথে সাথে এই দৃশ্য দেখার জন্য মানুষের উৎসাহ বৃদ্ধি পায়। স্থানীয় বাসিন্দারা এবং পথচারীরা এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে বাড়ি-ঘরের ছাদ, খোলা মাঠ ও রাস্তার মোড়ে ভিড় জমান।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "বিকেলের দিকে হালকা আলো থাকতেই আকাশে দৃশ্যটি চোখে পড়ে। সন্ধ্যার পর যখন অন্ধকার নেমে এল, তখন চাঁদের পাশে তারাটিকে আরও উজ্জ্বল ও স্পষ্ট দেখাচ্ছিল। এত কাছে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সত্যি দারুণ লেগেছে।"
এদিকে কুড়িগ্রাম থেকে আসা পথচারী মো. তারেক হোসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, "কাজ শেষে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি হাটে-বাজারে মানুষজন ওপরের দিকে তাকিয়ে আছে। খেয়াল করে দেখি চাঁদের একবারে কাছেই তারাটি জ্বলজ্বল করছে। আমরা প্রতিদিন আকাশ দেখি, কিন্তু আজকের দৃশ্যটা একদমই আলাদা আর অসাধারণ সুন্দর মনে হলো।"
মহাজাগতিক এই দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সামিয়া আক্তার। তিনি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি পোস্ট করছিল, পরে ঘরের বাইরে এসে দেখলাম উত্তর আকাশে চাঁদ আর তারা একদম কাছাকাছি অবস্থান করছে। ছবি তুলে রেখেছি, প্রকৃতি মাঝেমধ্যে এমন চমৎকার দৃশ্য উপহার দেয় যা মন ভালো করে দেয়।"