দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হলেও সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ সোমবার হাজির হননি। তিনি কমিশনের কাছে বিষয়টি বিবেচনার জন্য ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে শফিউদ্দিন আহমেদের বক্তব্য নেওয়ার কথা ছিল। তবে উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেন যে, সাবেক এই সেনাপ্রধান ৩০ দিনের সময় চেয়েছেন। আইন অনুযায়ী এখন কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।
গত ৩০ আগস্ট দুদকের পরিচালক মো. আবুল হাসনাত সাবেক সেনাপ্রধানকে তলব করে একটি চিঠি দেন। চিঠিতে তাঁকে আজ দুপুর সাড়ে ১২টায় প্রধান কার্যালয়ে হাজির হতে এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছিল। তলবি নোটিশে উল্লেখ করা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য শোনা এবং তা রেকর্ড করা ‘অপরিহার্য’।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল কাজ করছে। গত বছর ১৪ ডিসেম্বর থেকে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।