জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে সংস্কারকাজ শুরু হয়েছে। হামলার প্রায় এক মাস পর গত কয়েকদিন ধরে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার দোতলা বাড়ির বাইরের অংশে রঙ করার কাজ চলছে। এই সংস্কারকাজকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও কনফারেন্সে সাকিব আল হাসান উপস্থিত ছিলেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর ওই রাতে একদল ছাত্র-জনতা তার বাড়ির প্রধান ফটকে আগুন দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়িটির কয়েকটি জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার প্রায় এক মাস পর বর্তমানে বাড়িটির বাইরের অংশে রঙের কাজ শুরু হয়েছে। শ্রমিকরা ভবনের বিভিন্ন অংশে রঙ করছেন। তবে সংস্কারকাজ চলাকালে বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে দেখা যায়নি।
কাজে নিয়োজিত শ্রমিকদের জানান, তারা শুধু ভবনের সংস্কারকাজের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না কিংবা বাড়িতে পরিবারের কেউ আসবেন কি না, এ বিষয়ে তাদের কোনো তথ্য জানা নেই। রঙের কাজ শেষ হওয়ার পর হামলার সময় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশ মেরামত করা হতে পারে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, "হামলার ঘটনায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গিয়েছিল। সেগুলোরই সংস্কার করা হচ্ছে বলে মনে হচ্ছে। তবে বর্তমান সংস্কারকাজের সঙ্গে সাকিব আল হাসানের দেশে ফেরার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।"
প্রসঙ্গত, সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে সাকিব আল হাসানের নাম ২৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।