মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলামকে প্রকাশ্যে অনলাইন জুয়া বা বেটিং খেলায় অংশগ্রহণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাশ এলাকার কালিমন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
আটককৃত জহিরুল ইসলাম (৩০) শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিয়াপাড়া এলাকার হেলাল বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের দাবি, অভিযান চলাকালে জহিরুল ইসলাম প্রকাশ্যে অনলাইন জুয়া খেলছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।