বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৯ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধানদের সমন্বয়ে গঠিত কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এখনো প্রকাশিত না হওয়ায় ভর্তির যোগ্যতা, জিপিএ শর্তাবলি এবং আবেদনের পূর্ণাঙ্গ প্রক্রিয়া এখনো নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ফল প্রকাশের পরপরই আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত বুটেক্সে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। প্রতি বছর এই ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভাগভিত্তিক আসন সংখ্যা হলো: ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।