সুনামগঞ্জের জামালগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে অটোরিকশা ও ইজিবাইক শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রতিবাদে সাচনা বাজার-বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাচনা বাজার-বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। অভিযুক্ত ব্যক্তি জালাল উদ্দীন ফারুকী জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

পথসভায় শ্রমিক সমিতির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ও স্বপন কুমার পালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শ্রমিকরা অভিযোগ করেন, তারা সরকারি নিবন্ধন ও অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহন করছেন। সাম্প্রতিক সময়ে জালাল উদ্দীন ফারুকী তাদের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে অটোরিকশা ও ইজিবাইক চালক ও ব্যবস্থাপকদের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি স্ট্যান্ড থেকে যানবাহন চলাচলে বাধা দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে তারা জানান।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে জালাল উদ্দীন ফারুকী জানান, লম্বাবাঁক গ্রামের সংগ্রাম ও তার ভাগনে শামীম কামলাবাজার দীর্ঘদিন ধরে স্ট্যান্ডে অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। এর প্রতিবাদে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, যা পরে অনেকের অনুরোধে মুছে ফেলেন।

তিনি আরও দাবি করেন, চাঁদা না দেওয়ায় সজল মিয়া নামে এক রিকশাচালককে মারধর করে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই চালক থানায় অভিযোগ করেছেন। নিজেদের চাঁদাবাজি আড়াল করতে সংগ্রাম ও শামীম তাদের লোকজন দিয়ে মিছিল করিয়ে তার সামাজিক সম্মানহানি করেছেন বলেও দাবি করেন তিনি।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাচনা বাজারে অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডে যাত্রী উঠানো-নামানো নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছে। একজনকে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। তবে জালাল নামের কেউ চাঁদাবাজি করছে এমন কোন অভিযোগ আমাদের কাছে পাওয়া যায়নি। আমাদের কাছে এমন কোন তথ্য নেই।