গোপালগঞ্জের মুকসুদপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রী মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তরিক সিকদার পলাতক রয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের বাসিন্দা মিমের সঙ্গে তরিক সিকদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মিম ইসলাম ধর্ম গ্রহণ করে তরিককে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের দাবি, রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মিমকে মারধর করা হয়। এরপর নিজ ঘরেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর তরিক সিকদার ঘরে মরদেহ রেখে পালিয়ে যান বলে অভিযোগ করেন এলাকাবাসী।

মুকসুদপুর সার্কেল পুলিশের সহকারী পুলিশ সুপার নাফিজুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "মিম আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"

এদিকে, পলাতক তরিক সিকদারকে গ্রেপ্তারে পুলিশের তল্লাশি অভিযান চালানো হচ্ছে।