আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান ও ভাইস চেয়ারম্যান হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বোর্ডের ২০২তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের এই নিয়োগকে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কর্মজীবনে হাসানুল এ হাসান কেমলুব লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন তিনি। এ ছাড়া তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের (এডিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যানও বটেন।

অন্যদিকে, ইশতিয়াক আবেদীন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এআইইউবির ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।