সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, "আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা স্পষ্টত গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।"

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

মন্ত্রী আরও বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি ও নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বিএনপির ইতিহাস তুলে ধরে বলেন, বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় পোরা হয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে; তারপরেও কিন্তু বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও টলাতে পারে নাই এবং বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কোনো ধরণের কমতি দেখায় নাই।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।