জামালপুরের মাদারগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর স্থানীয় একটি বাড়ির মাটি খুঁড়ে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাসার মালিক জামিনুর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় জামিনুরের বাড়ি থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর মরিয়ম নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে শনিবার রাতে বিদ্যালয়ের পাশে অবস্থিত জামিনুরের বাড়িতে মাটিচাপা দেওয়া অবস্থায় শিশুটির মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ তা উদ্ধার করে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, "মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।"