জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সম্পন্ন হয়।

নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি হিসেবে আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

এদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। একই সাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইয়ান ফেরদৌস। ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহির রায়হান রিপন।

নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনাররা। দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক মহির আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন সরকার এই নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এবং কেন্দ্রীয় সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।