কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছিনতাইকারী এবং ১৪ জন মাদকসংক্রান্ত অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ওত পেতে থেকে পথচারীদের টার্গেট করে একটি ছিনতাইকারী চক্র কাজ করছিল। সুযোগ বুঝে তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিনি বলেন, "ছিনতাই, মাদক, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

গ্রেপ্তার হওয়া পাঁচ ছিনতাইকারীর নাম ও ঠিকানা হলো: নগরের আড়াইওরা খানপাড়া এলাকার মো. কামাল খানের ছেলে মো. রাকিব খান (২৬), আড়াইওরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ইমন (২৫), শাসনগাছা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে মো. সাকিব (২৬), সংরাইশ এলাকার মিলন মিয়ার ছেলে মো. নাহিদ (২২) এবং শাসনগাছা এলাকার আব্দুর সামাদের ছেলে মো. শরিফ (২৭)।

অপরদিকে, মাদকসংক্রান্ত অপরাধে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে পুলিশ পাঁচজনের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন: বজ্রপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রকি (১৯), গোবিন্দপুর এলাকার শহিদুল্লাহর ছেলে মো. ইয়াছিন (২৭), মুরাদনগর উপজেলার সাতমুড়া এলাকার শাহজাহানের ছেলে মো. সোহেল (২৫), নগরের অশোকতলা এলাকার আলী ইসলামের ছেলে মো. জাহিদ (২০) এবং মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া এলাকার খালেদের ছেলে মো. রবিন (২১)।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামীতেও এমন অভিযান চালিয়ে অপরাধমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগ অব্যাহত রাখা হবে।