কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (২২ বিজিবি) বিশেষ অভিযানে ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। গত ২৪ ঘণ্টার মধ্যে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে পরিচালিত অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় প্যান্ট পিস, বিদেশি মদ এবং চোরাচালানি গবাদিপশুসহ অন্যান্য অবৈধ পণ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, "জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ২২ বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।"