জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকদের উদ্দেশ্যে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। বিশ্বের বিভিন্ন দেশে এবং বিভিন্ন ক্ষেত্রে এই ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। কিছু পদে ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ডসহ অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে।

ইউনিসেফের ইন্টার্নশিপ সাধারণত ৬ থেকে ২৬ সপ্তাহ মেয়াদি হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী এসব সুযোগের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রার্থীদের অবশ্যই স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত হতে হবে অথবা গত দুই বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে। এছাড়া বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

ভাষাগত দক্ষতার বিষয়ে ইউনিসেফের কর্মভাষা ইংরেজি, স্প্যানিশ বা ফরাসির অন্তত একটি ভাষায় দক্ষতা থাকতে হবে। যে অফিসে আবেদন করা হবে, প্রয়োজনে সেই অফিসের ভাষাতেও দক্ষতা প্রয়োজন হতে পারে।

ইন্টার্নশিপের ধরন ও কর্মস্থল অনুযায়ী সুবিধা ভিন্ন হতে পারে। এসব ইন্টার্নশিপে মাসিক স্টাইপেন্ড দেওয়ার সুযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ এবং ভিসা ও যাতায়াত ব্যয়ের জন্য এককালীন সহায়তাও দেওয়া হতে পারে।

আবেদনের ক্ষেত্রে সাধারণত জীবনবৃত্তান্ত, কভার লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্টের মতো কাগজপত্র প্রয়োজন হবে। নির্দিষ্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত নথি চাওয়া হতে পারে। আবেদন করতে হবে ওয়েবসাইটে র মাধ্যমে।

ইন্টার্নশিপের আবেদনের শেষ তারিখ পদভেদে আলাদা। তাই যে পদের জন্য আবেদন করা হবে, সেই পদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।