বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতি মঙ্গলবারকে 'চিলড্রেন ডে' হিসেবে ঘোষণা করেছে। এই বিশেষ দিনে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং তাদের সংশ্লিষ্ট শিক্ষকরা বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি, জাদুঘর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পানি ও চকলেট দিয়ে স্বাগতম জানাবে এবং গাইড সেবাও প্রদান করা হবে।
জাদুঘর কর্তৃপক্ষ সর্বশেষ এক বিজ্ঞপ্তিতে জানান, শিশু-কিশোরদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে জাতীয় জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ উদ্দেশ্যেই প্রতি মঙ্গলবার 'চিলড্রেন ডে' পালন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হয়েছে তারা যেন নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনে উৎসাহিত করেন।
এদিন জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক নিদর্শন দেখার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবেন। পরিদর্শনের সময় নির্ধারিত আছে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
গত মঙ্গলবার এই কার্যক্রমের উদাহরণ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ৫০-এর বেশি শিক্ষার্থী ও শিক্ষক জাদুঘর পরিদর্শনে আসেন। তাদের জন্য গাইডরা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখান।