দেশে স্বর্ণের দাম আবারও কমেছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এটি দেশে স্বর্ণের দামের তৃতীয় দফা হ্রাস।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতনপদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এদিকে সোনার দামের সাথে সমন্বয় করে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।