ফেনী সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এনজিও ‘ব্যুরো বাংলাদেশ’-এর সোনাগাজী উপজেলার করামতিয়া শাখার ব্যবস্থাপক আব্দুর রউফ নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় সংস্থাটির শাখা হিসাবরক্ষক মোহাম্মদ আক্তারুজ্জামান আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নিহত আব্দুর রউফ ও আহত মোহাম্মদ আক্তারুজ্জামান মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে যাত্রা করছিলেন। ঠিকানা কাবাব অ্যান্ড পার্টি সেন্টারের সামনে লালপুল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। প্রবল আঘাতে তারা মহাসড়কে ছিটকে পড়েন। পরে কাভার্ডভ্যানের পেছনের চাকা চালক আব্দুর রউফের কোমরের ওপর দিয়ে উঠে যায়।

নিহত আব্দুর রউফ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কুমরাকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ব্যুরো বাংলাদেশ-এর সোনাগাজীর করামতিয়া শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, আহত মোহাম্মদ আক্তারুজ্জামান রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভা এলাকার মুসলিম ব্লকের শহীদুল ইসলামের ছেলে।

দুজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল মোহসেন সুজন জানান, হাসপাতালে নিয়ে আসার পরই আব্দুর রউফের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।