সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে চলমান আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের একাত্মতা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের ‘সাদা দল’ সমর্থিত শিক্ষক ও কর্মকর্তারা টানা চতুর্থ দিন ধরে উপাচার্যের অপসারণ এবং তার বিরুদ্ধে উঠে থাকা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যকে ‘দুর্নীতিবাজ’ ও ‘জাতীয়তাবাদী আদর্শের শত্রু’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে ১৮টি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ‘আংশিক খতিয়ান’ শিরোনামে একটি লিফলেট বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মো. গোলাম রব্বানী, রাকিব হোসেন অত্রাদ, জাহিদ হাসান ফাহাদ, মঈনুল হাসান সাদিক, মেহেদী হাসান রতন, সাদাব হোসেন রিয়ন ও আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলামসহ নেতাকর্মীদের একটি প্রতিনিধিদল অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ছাত্রদল কর্মী রাজেশ বাছাড়, তারিকুল ইসলাম, মামুন মিয়া, মুক্তার হোসেন, নাজমুল হোসেন ও ধ্রুব সিদ্দিকীসহ আরও অনেকে। তারা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।