বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারে আসার পর তৃতীয়বারের মতো বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বসছে। আগামীকালের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক ব্যবস্থা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ হলো জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া চার নতুন সদস্যের উপস্থিতি। সম্প্রতি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের যোগদানের পর এটিই হবে স্থায়ী কমিটির প্রথম পূর্ণাঙ্গ বৈঠক।