চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। এ সময় স্থানীয় ছাত্রদল নেতা আবু শাকিল সাগর পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) আমিনুর রশীদ। তিনি জানান, ডিবি সদস্যরা ক্রেতা সেজে বিদেশি মদ কিনতে চাইলে গ্রেপ্তার দুজন তাদেরকে আবু শাকিল সাগরের বাসায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাগর পালিয়ে গেলেও তার ঘর তল্লাশি করে ৭০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম। পালিয়ে যাওয়া আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তার ঠিকানা বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা কে. বি দোভাষ লেন সিদ্দিক ড্রাইভারের বাড়ি। ঘটনার পর ছাত্রদল কর্তৃপক্ষ সাগরকে দল থেকে বহিষ্কার করেছে।

স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ আবু শাকিল সাগর ২০২৪ সালের ৫ আগস্টের পর নিজ এলাকায় মামলা বাণিজ্য শুরু করেন। নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি এবং চাঁদা না পেলে মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।