ভোলার মেঘনা নদীর তীরে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ পাড় ধসে নদীতে পড়ে বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তাদের উদ্ধারে কোনো সাফল্য আসেনি।

গতকাল বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন গরিবের দুবাই বালুরমাঠ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাতে পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ তীরের একটি বড় অংশ ধসে পড়লে তাঁরা নদীতে পড়ে যান। এর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ হোসেন ও মো. রাকিব স্রোতে ভেসে নিখোঁজ হন।

নিখোঁজ দুজন হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার আমজাদ হোসেন (২৮) এবং শিবপুর ইউনিয়নের মো. রাকিব (২৬)। আমজাদের স্বজনেরা জানান, তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। ১৯ সেপ্টেম্বর তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল। গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন তিনি।

খবর পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দল গতকাল রাতে নদীতে নেমে কিছু সময় ধরে উদ্ধার অভিযান চালালেও ওই দুজনের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিখোঁজ দুজনের সন্ধান দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে।