এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের ফলাফল আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত হবে। আজ বুধবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীর মোবাইলে এসএমএস এবং নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেও ফল সংগ্রহের সুযোগ থাকবে।

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছেন। এর মধ্যে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্রের জন্য ১০ লাখ ৫৬ হাজারের বেশি এবং ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য ২ লাখ ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এবারের নতুন নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে, যা আগে ছিল না। আগে শুধু প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগে ভুল আছে কিনা তা দেখা হতো। এবার বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের চাপে পড়েছে শিক্ষা বোর্ডগুলো।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, "এবার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। এ জন্য প্রয়োজনীয়সংখ্যক পরীক্ষক নিয়োগ দিতে হচ্ছে। এ ছাড়া বিকল্প নেই।"

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। দীর্ঘদিন উচ্চ পাসের হার থাকার পর দুই বছর ধরে ফল কিছুটা নিম্নমুখী হয়েছিল। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে নেমে এসেছে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমেছে। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ প্রায় ৩৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজারের বেশি। পাসের হার কমে যাওয়ায় ফল পুনর্নিরীক্ষণের আবেদনেও প্রভাব পড়েছে।

ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন করেছে। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর সম্প্রতি মুক্তকণ্ঠকে জানিয়েছেন, "ঢাকা বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ৫৮ হাজার ১২টি আবেদন করেছে।" অন্যান্য বোর্ডের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ ছাড়া কুমিল্লা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহী বোর্ডে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।