ফরিদপুরের চরভদ্রাসনে স্বামী ইউসুফ আলী শেখের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্ত্রী ডালিয়া বেগম। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর জজকোর্ট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ডালিয়া বেগম, তার স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
নিহত ইউসুফ আলী শেখ চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ১ আগস্ট সন্ধ্যায় তাকে দুর্গম চর এলাকায় ডেকে নিয়ে নির্যাতন করে বিষ খাওয়ানোর অভিযোগ উঠে। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ৩ আগস্ট ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। মামলায় পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করলেও পলাতক তিন আসামি এখনো আটক হয়নি।
মানববন্ধনে কান্নায় ভেঙে পড়ে ডালিয়া বেগম বলেন, "আমার স্বামীকে যারা কেড়ে নিয়েছে, আমি তাদের বিচার চাই। যারা আমাকে বিধবা করেছে, তাদের ফাঁসি চাই।"
তিনি এবং স্থানীয়রা দাবি করেন, স্বামী হত্যার মামলায় গ্রেপ্তার চার আসামিকে যেন জামিন দেওয়া না হয়। পাশাপাশি পলাতক তিন আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ডালিয়ার অভিযোগ, তার স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্যাতন ও বিষ খাওয়ানো হয়েছে। মৃত্যুর আগে ইউসুফ আলী একটি ভিডিওতে কয়েকজনের নাম বলে গেছেন বলেও দাবি করেন স্থানীয়রা।
চরভদ্রাসন থানার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক জানান, পলাতক তিন আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বামীকে আর ফিরে পাবেন না ডালিয়া—এ সত্য মেনে নিয়েছেন তিনি। এখন তার একটাই প্রত্যাশা, আদালতের মাধ্যমে যেন স্বামী হত্যার সুষ্ঠু বিচার পান।