ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও ও নতুন হাবলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা নিয়ে বিরোধ থেকে শুরু হয় সংঘর্ষ। এতে সরাইল সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জব্বার মিয়ার সমর্থক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শের আলমের সমর্থকরা জড়িয়ে পড়েন। পরিস্থিতি অবনতির সাথে সাথে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর আক্রমণ চালায়।
সংঘর্ষের খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া মুক্তকণ্ঠকে বলেন, "সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।"