সরকারি দফতরিক নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির পূর্বে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ সম্মানসূচক শব্দ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রীয় কাজ এবং দাফতরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। আজ থেকেই এই আদেশ কার্যকর হবে। সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ সব দফতরকে এই সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।