গোপালগঞ্জের সদর উপজেলার খেলনা এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এই হামলা চলাকালীন হামলাকারীরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আহতরা হলেন—ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহী, জেলা সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব। প্রথমে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হামলার সময় কয়েকজন হামলাকারী ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল। ঘটনার পর সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক পেজে মোটরসাইকেলে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশিত হয়। তবে হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হতে পারে বলে সংশ্লিষ্টদের কেউ কেউ ধারণা করছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, ছাত্রশিবিরের ওই নেতারা কয়েকজন মিলে সদর উপজেলার খেলনা এলাকায় পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর হামলা হয়।

ওসি বলেন, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।