চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার ঝুলানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরিফুল খাগড়াছড়ির বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের মূল ফটকের পাশে অবস্থিত একটি ছোট কক্ষের ওঠে উঠে ব্যানার লাগাচ্ছিলেন আরিফুল। এই সময়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মমতাজ রেশেদা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, "প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ১০০ দিনে ১০০০ কিলোমিটার দৌড়ের চ্যালেঞ্জ নিয়েছিলেন। তাঁকে নিয়ে করা একটি ব্যানার লাগানোর জন্য হলের গেটের ওপর উঠেছিলেন আরিফুল। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রথমে তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছিল। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জানানো হয়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো তাঁর মৃত্যু হয়েছে।"

আরিফুলের সহপাঠী ও প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামির ইসলাম জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের গেটের পাশে একটি ছোট কক্ষের ওঠে উঠেছিলেন আরিফুল। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

অপরদিকে, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে মেডিক্যাল সেন্টারে আনা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল।"