ফেনী মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ফেনী মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। ফেনী মডেল থানা এলাকা এবং কালীদহ ইউপির লালপুল এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় (মামলা নং-০৩) তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. শাহ আলম (৫৬) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী সাইফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা শহর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও অরাজকতার উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিযানে অন্যান্য অপরাধে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রুহুল আমিন (৫৪) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারনামীয় আসামি প্রদীপ কুমার শর্মা (৪৩) আটক হন। এ ছাড়া জিআর ওয়ারেন্টে ২ জন, সিআর ওয়ারেন্টে ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৬ জন, চুরি মামলায় ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, "বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।" তিনি বলেন, "জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধবিরোধী ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।"