রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ তীব্র অভিযান পরিচালনা করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) একদিনের অভিযানে ২ হাজার ৩০৬টি মামলা, ৪৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৩৬টি রেকার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে আইন মেনে চলতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। সোমবারের অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক উত্তরা বিভাগে সর্বোচ্চ ৪৬৮টি মামলা দায়ের করা হয়েছে। এ বিভাগে ৪৩টি বাস, ১৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যদিকে, ট্রাফিক ওয়ারী বিভাগে ৪১৫টি, মিরপুর বিভাগে ৪০৩টি, মতিঝিল বিভাগে ৩২২টি, গুলশান বিভাগে ২৩৬টি, লালবাগ বিভাগে ১৯৩টি, তেজগাঁও বিভাগে ১৫৬টি এবং রমনা বিভাগে ১১৩টি মামলা রুজু করা হয়েছে।
ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো, নির্ধারিত নিয়মকানুন না মানা এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগেই এসব মামলা করা হয়েছে। রাজধানীতে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে ডিএমপি নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।