চট্টগ্রামের হাটহাজারীসহ তিন থানার এলাকায় প্রবাসী সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি চালানো সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রাত ২টা থেকে ২৪ ঘন্টা ধরে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী ও খুলশী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কামরুল হাসান ওরফে সাগর (২৫), মো. রিকু (২৫), মো. তরিকুল ইসলাম ওরফে রোহিত (২০), আহমদুল্লাহ ওরফে মাসুম মেম্বর (৪০), আহমদ রেজা শাকিল (২৫), মো. মানিক (৪০) ও নুরুল আলম (৪০)।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হাটহাজারীর আমানবাজারের এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা এবং বড়দিঘীর পাড়ের এক ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এই অভিযোগগুলোর ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গ্রেপ্তার সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, আটককৃতরা শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করলেও মূলত নিজেদের একটি পৃথক চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে তুলেছিল। তারা বিত্তবানদের তথ্য সংগ্রহ করে বিদেশি নম্বর দিয়ে কল করে ভয়ভীতি দেখাত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আসামীদের কাছ থেকে একটি তলোয়ার, একটি চাপাতি, একটি ছুরি, একটি টিপছোরা এবং চাঁদাবাজিতে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আহমদ রেজা শাকিলের বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজিসহ ৮টি এবং মানিকের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এ ছাড়া কামরুল, রিকু, তরিকুল ও মাসুম মেম্বরের বিরুদ্ধে ৩টি করে মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।