পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতা আদম আলী মোল্লা হত্যার মূল অভিযুক্ত ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার গোপালপুর তাতিপাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ইরাদুল ইসলাম (৫৫) একই উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে।

এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে একই উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে দুর্বৃত্তরা আদম আলী মোল্লাকে (৬০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। ষাটগাছা স্কুলপাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে এই নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে অন্তত তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আটঘরিয়া থানায় মামলা করেছেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তার ইরাদুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি পুরোপুরি তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে।