চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪)। পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রকাশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর জড়িতদের শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, "অপরাধী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"