ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলায় আরও দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন সাব্বির হোসেন (১৮) ও ফাহিম ইশরাক লাবিব (২০)।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মো. আতিকুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ আগস্ট রাত ১০টার দিকে শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন চিকিৎসক আসাদুর। কিছু দূর যাওয়ার পর চারজন তাঁর পথ রোধ করে তাঁকে মারধর করেন। এ সময় মামলার প্রধান আসামি জীবন চিকিৎসক আসাদুরের বাঁ চোখে ঘুষি মেরে গুরুতর জখম করেন এবং অন্য আসামিরা তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। পরে আসাদুরের চিৎকারে স্থানীয় লোকজন জীবনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এ ঘটনায় ১৮ আগস্ট ভুক্তভোগী চিকিৎসক বাদী হয়ে মামলা করেন। তিনি জানান, হামলার কিছু দিন আগে চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমনের নামে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার দুই দিন পর তিনি হামলার শিকার হন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আতিকুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, এই মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।