বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে সান্তাহার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সান্তাহার জংশন এলাকায় আটকা পড়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।

দীর্ঘক্ষণ আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী আবদুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ট্রেনটি নির্ধারিত সময়ের  প্রায় ৫ ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ছেড়েছে। পথে বগি লাইনচ্যুত হলো। কখন ঢাকায় পৌঁছাব, তা এখন অনিশ্চিত।’

সান্তাহার রেলস্টেশনের মাস্টার খাদিজা খানম বলেন, ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রাত ৯টার দিকে খাদিজা খানম জানান, পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত লাগেজ বগি উদ্ধারের কাজ শুরু করেছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।